সিলেটের গোলাপগঞ্জে রাতের আঁধারে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে পাহাড় কাটার অভিযোগে মাটি লোড অবস্থায় একটি ট্রাক ও পাহাড় কাটার সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোলাপগঞ্জ মডেল থানাধীন ধারাবহর একমাইল টেকনিক্যাল স্কুলের পাশ থেকে পাহাড় কাটার সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৩/৪ জন পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতাররা হলেন—সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), একই উপজেলার উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) ও দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার ধারাবহর এলাকার টেকনিক্যাল স্কুলের পাশে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় কেটে মাটি ট্রাকভর্তি করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটিভর্তি ট্রাক ফেলে শফি আহমদ, তারেক আহমদ ও পাপলু আহমদ পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ সময় কৌশলে তাদের সাথে থাকা আরো ৩/৪ জন পালিয়ে যায়। অভিযানে পুলিশ গ্রেফতারদের হেফাজত থেকে মাটিভর্তি ট্রাক, কোদাল ও বেলচা জব্দ করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গোলাপগঞ্জের ধারাবহর এলাকার টেকনিক্যাল স্কুলের পাশ থেকে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগে ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী।


