সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

সিলেট ওয়াসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা: আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনস্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক , ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব এবং সিলেট মহানগর বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মিফতাহ্ সিদ্দিকী বর্তমানে পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সঙ্কট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ২০২২ সালে সিলেট ওয়াসা গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

সিলেট ওয়াসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।