খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ১২ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় এসব ভ্যান বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।’
অনুষ্ঠান শেষে অতিথিরা ১২ জন উপকারভোগীর হাতে আনুষ্ঠানিকভাবে ব্যাটারিচালিত ভ্যান তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


