উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাথার এলাকায় সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন।
শনিবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাথার এলাকায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদুল ইসলাম বাবু উপজেলার পশ্চিম সাদুল্লা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জোবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় দুর্ঘটনাটি ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, নিহতের মাথা, চোখ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যানবাহন বা চালককে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


