পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় বিলের মধ্যে লাশটি ভাসতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাট তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক নদী সাঁতরে এপারে আসার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ফাঁড়ি, দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
পরে দশমিনা ফায়ার সার্ভিসের সাথে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুর ১টার দিকে তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় বিলের মধ্যে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা দশমিনা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বর্তমানে নিখোঁজ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় যুবক সিফাত জানান, দুপুরে বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিলের মধ্যে এক যুবকের লাশ দেখতে পান তিনি। পরে নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তার ধারণা, জোয়ারের সময় লাশটি বিলের মধ্যে এসে আটকে যায় এবং ভাটার সময় আর নদীতে নামতে পারেনি।
দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক জানান, শুক্রবার সকালে কেদিরহাটের কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদী সাঁতরে এপারে আসার সময় এক অজ্ঞাতপরিচয় যুবক নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।
তিনি আরো জানান, রোববার দুপুরে কাটাখালী এলাকা থেকে এক যুবকের লাশ বিলের মধ্যে পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি গত শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের লাশ কি-না, তা শনাক্তের কাজ চলছে।


