ঢাকার গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে লোহাগড়ার যুবক নিহত

নিহত মো: ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

Location :

Narail
মো: ইমরান মোল্যা
মো: ইমরান মোল্যা |ছবি : নয়া দিগন্ত

ঢাকার গাবতলীর দীপনগর এলাকায় সিএনজি স্টেশন থেকে মাছ বহনকারী একটি কাভার্ডভ্যানে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইমরান মোল্যা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আর আহত ফারুক (৪০) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে দগ্ধ দু‘জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

নিহত মো: ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে। আর আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও থানার কসুপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

মিরপুর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ-গোশত বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ডভ্যানে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে নিহত ইমরানের লাশ রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।