চুয়াডাঙ্গায় অপহরণ ও হত্যা মামলার আরো ১ আসামি গাজীপুরে গ্রেফতার

আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় অপহরণ ও হত্যা মামলার আরো ১ আসামি গাজীপুরে গ্রেফতার
চুয়াডাঙ্গায় অপহরণ ও হত্যা মামলার আরো ১ আসামি গাজীপুরে গ্রেফতার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মরহুম মুরজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার চিলাভালকী গ্রামের রাফিজকে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর এলাকার অর্জুন খালে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার ৮ দিন পর, গত ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হলো। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।