লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি দেশীয় কুড়ালসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (৮ আগস্ট) রাতে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকেরা হলেন, সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার মো: রাজীব সরকার (২৬) ও টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল (ইসলামপুর) এলাকার মো: রনি কাজী (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়াদিগন্তকে জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ ডিবি পুলিশের একটি দল নিয়ে টংগীবাড়ী উপজেলার হাসাইল (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে মো: রনি কাজীর বসত ঘর থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় পাইপগান (আগ্নেয়াস্ত্র) এবং একটি ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের দেশীয় কুড়াল জব্দ করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজীব ও রনিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


