ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক নিহত, আহত প্রেমিকা

তারা দু’জন মোটরসাইকেলযোগে উপজেলার মাড়েয়া ইউনিয়নে ঘুরতে যান। ফেরার পথে ফুটকীবাড়ি এলাকায় তাদের মোটরসাইকেলের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

Location :

Boda
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড়
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকাকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার প্রেমিকা যুথী রাণী (১৫)।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুটকীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন চন্দ্র বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধনীপাড়া গ্রামের উপেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যুথী রাণী একই উপজেলার সাকোয়া ইউনিয়নের বিধান চন্দ্রের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জন মোটরসাইকেলযোগে উপজেলার মাড়েয়া ইউনিয়নে ঘুরতে যান। ফেরার পথে ফুটকীবাড়ি এলাকায় তাদের মোটরসাইকেলের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে স্বপন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রংপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মারুফা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেল পৌনে ৪টার দিকে দু’জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে আহত স্বপন চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত রংপুরে রেফার্ড করি। তবে রেফার্ড করার ১৫-২০ মিনিটের মধ্যেই রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলেও প্রেমিকা যুথী রাণী এখন শারীরিকভাবে ভালো আছেন এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে।