গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
গোপালগঞ্জের ম্যাপ
গোপালগঞ্জের ম্যাপ |নয়া দিগন্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

যুবকরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো: মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দু’জন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেল লাইনের ওপর তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে।

সূত্র : বাসস