পরীক্ষায় অনিয়মে জিরো টলারেন্স, তা’মীরুল মিল্লাতে বহিষ্কার ৩০ শিক্ষার্থী

দেশের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে কওমি ও আলিয়া ধারার শিক্ষার সমন্বয়, জাতীয় পর্যায়ে ধারাবাহিক ভালো ফলাফল এবং কঠোর অ্যাকাডেমিক শৃঙ্খলার জন্য বিশেষভাবে পরিচিত।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
পরীক্ষায় অনিয়মে জিরো টলারেন্স, তা’মীরুল মিল্লাতে বহিষ্কার ৩০ শিক্ষার্থী
পরীক্ষায় অনিয়মে জিরো টলারেন্স, তা’মীরুল মিল্লাতে বহিষ্কার ৩০ শিক্ষার্থী |নয়া দিগন্ত

দেশের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে কওমি ও আলিয়া ধারার শিক্ষার সমন্বয়, জাতীয় পর্যায়ে ধারাবাহিক ভালো ফলাফল এবং কঠোর অ্যাকাডেমিক শৃঙ্খলার জন্য বিশেষভাবে পরিচিত। সেই প্রতিষ্ঠানের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও সুনাম অক্ষুণ্ন রাখতে উত্তরপত্রে কারচুপি (ট্যাম্পারিং) ও পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে।

বিষয়ভিত্তিক তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কোরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষায়ও অনিয়মের ঘটনা ধরা পড়ে।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের জালিয়াতি বা অসাধুপায়ের ক্ষেত্রে ভবিষ্যতেও ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

মাদরাসা সংশ্লিষ্টরা জানান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের অন্যতম সেরা ফলাফলধারী আলিয়া শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।