কেরানীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কোরআন-হাদিসের শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও যুবকদের মনোযোগী হতে হবে।

Location :

Keraniganj

ঢাকা জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কোরআন-হাদিসের শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও যুবকদের মনোযোগী হতে হবে।

তিনি বলেন, যুবসমাজ দেশের বোঝা নয়; যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তুলতে পারলে জাতি তাদের কাছ থেকে অনেক কিছু পাবে। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে যুবকদের সচেতন করতে পাড়া-মহল্লায় কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবকদের হাতে মাদকের পরিবর্তে কোরআন-হাদিস ও কলম তুলে দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে মীর আতাউর রহমান ও এবিএম মহিউদ্দিন কামাল বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম মজুমদার।