জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান সুজন (৩৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের জামিরাকান্দা এলাকায়।
নিহত সাইদুর রহমান সুজন মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রাহেরপুর গ্রামের মরহুম শামছুল হকের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, মঙ্গলবার জামালপুরগামী একটি নসিমন গাড়ি দ্রুতগতিতে এসে পেছন থেকে সাইকেল আরোহী সুজনকে প্রচণ্ড ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। মাথার আঘাতে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।


