লংগদু (রাঙামাটি) সংবাদদাতা
চোখের সমস্যা নিয়ে অনেক দিন ধরেই ভুগছিলেন রাঙামাটির লংগদু উপজেলার অনেক বাসিন্দা। দুর্গম পাহাড়ি এলাকায় অনেকের জন্য চিকিৎসকের কাছে যাওয়া কিংবা প্রয়োজনীয় চশমা সংগ্রহ করাও সহজ নয়। সেই বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বিনামূল্যের চক্ষু চিকিৎসাসেবা।
শনিবার (৮ আগস্ট) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেন। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। সব মিলিয়ে চিকিৎসাসেবা পেয়েছেন ৭০০ জন।
চিকিৎসকদের পরীক্ষায় ছানিপড়াসহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ১৭৫ জন রোগীকে চিহ্নিত করা হয়। তাদের উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফার করা এসব রোগীর চিকিৎসা ব্যয় এবং অস্ত্রোপচার-সংক্রান্ত যাবতীয় খরচ লংগদু জোন বহন করবে।
এ চিকিৎসা ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ সাউথ।
আয়োজকেরা জানায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরো জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, দুর্গম এলাকার মানুষের কাছে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য বিশেষভাবে উপকারী।


