আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তার আগের দিন মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার যুব বিভাগের উদ্যোগে সাভার বাসস্ট্যান্ডের সাভার মডেল মসজিদের সামনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূইয়া বলেন, যুবকরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের চিন্তা, চরিত্র, যোগ্যতা ও দায়িত্বশীলতার ওপর। বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবসমাজকে শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, বরং আদর্শবান, সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো— যুবকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের কল্যাণে তাদের সম্পৃক্ত করা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশ-ই-শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের জান-মাল ও সম্মানের নিরাপত্তা থাকবে; আইনের শাসন প্রতিষ্ঠিত হবে; দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটবে; মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে এবং তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থাকবে। আজকের এই র্যালি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল। আমরা মানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশার কথা মানুষের কাছে তুলে ধরব।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশ-ই-শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আফজাল যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজেদেরকে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করুন। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলুন। মনে রাখতে হবে, পরিবর্তন শুধু স্লোগানে আসে না; পরিবর্তনের জন্য প্রয়োজন যোগ্যতা, সততা, ত্যাগ, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি দায়িত্বশীল প্রচেষ্টা।
ঢাকা জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহীম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাদের সঞ্চালনা করেন।
সভাপতি আব্দুর রহীম বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি— যে বাংলাদেশ হবে শান্তি, ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও সু শাসনের বাংলাদেশ।
র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও মাওলানা মো: শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, মানবসম্পদ সম্পাদক অ্যাডভোকেট মীর আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা।


