ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচলে ধীরগতি ও দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলেও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ ছিল তীব্র।
সড়ক সংস্কারকাজকে কেন্দ্র করে বিশেষ করে ঢাকামুখী লেনে ধীরগতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানজট দীর্ঘ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকচালকসহ হাজারো মানুষ।
শুক্রবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া এই পরিস্থিতি শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। কুমিল্লার পদুয়ার বাজার, আমতলীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।
ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আবুল হোসেন বলেন, ‘চার-পাঁচ ঘণ্টা ধরে কুমিল্লার অংশেই আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব জানি না। মালিক ও পণ্যগ্রহীতারা বারবার ফোন করে জানতে চাইছেন কখন পৌঁছাবো। ভিডিও কলে তাদের আমার অবস্থান দেখাতে হয়েছে।’
বাসযাত্রী সোনিয়া আক্তার বলেন, ‘ভোর সাড়ে ৫টার প্রথম ট্রিপেই বাসে উঠেছি। আশা ছিল দুপুর ২টার মধ্যে ঢাকায় পৌঁছে বিকেল ৩টার মিটিংয়ে যাব। অথচ এখনো কুমিল্লার পদুয়ার বাজারেই আছি। এভাবে কর্মঘণ্টা নষ্ট হলে কিভাবে কাজ করব বুঝতে পারছি না।’
আরেক যাত্রী ইকবাল হোসেন জানান, ঢাকার শিশু হাসপাতালে তার মেয়ের চিকিৎসা চলছে। মেয়েকে দেখতে এবং চিকিৎসার খরচের টাকা নিয়ে জরুরি ভিত্তিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এরই মধ্যে কিছু টাকা বিকাশে পাঠিয়েছেন। তবে যানজটের কারণে সময়মতো ঢাকায় পৌঁছাতে পারবেন কি-না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
চালকদের অভিযোগ, মহাসড়কে সংস্কারকাজ চললেও যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। একদিকে সড়কের খানাখন্দ ও সংস্কারকাজ, অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপ— দুইয়ে মিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সংস্কারকাজ শেষ হলে ভোগান্তি কমে আসবে। যানজট ও ধীরগতি কমিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ কাজ করছে। সড়কের খানাখন্দ ও সংস্কারকাজের কারণে গত কয়েক দিন ধরে আমতলী এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দেয়। পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়।


