রংপুরবাসীদের নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রংপুরবাসীদের নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াত।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরবাসীদের নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ
রংপুরবাসীদের নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

রংপুরবাসীর মতামত, ভোটাধিকার প্রয়োগ, মর্যাদা এবং উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন রংপুর মহানগর আমির এ টি এম আজম খান ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল।

মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

বক্তব্য রাখেন মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, কোতোয়ালি থানা আমীর গোলাম কিবরিয়া প্রমুখ।

এ সময় এ টি এম আজম খান বলেন, ‘রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটাধিকার নিয়ে যে মন্তব্য করেছেন, আমরা রংপুরবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের এ ধরনের বক্তব্য ওনার মতো প্রাজ্ঞ রাজনৈতিক নেতার ক্ষেত্রে সংবিধান ঘোষিত বাক, ব্যক্তি ও মতামত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। পাশাপাশি এটি রংপুরের রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের প্রতি অসম্মানজনক এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।’

বেলাল এমপি বলেন, ‘আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার কাছে দাবি জানাচ্ছি— তিনি যেন রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখান এবং এ ধরনের বক্তব্য প্রত্যাহার করেন। ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের রাজনৈতিক সিদ্ধান্তকে সম্মান করবেন এবং কোনো অঞ্চলের উন্নয়নকে রাজনৈতিক আনুগত্যের সাথে যুক্ত করবেন না।’

রোববার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ‘লাভ শেয়ার বিডি’র ২৫টি চায়ের দোকানের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘রংপুরের লোকেরা— আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্টে আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্টে আসবে তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?’

মঙ্গলবার (১১ আগস্ট) একই দাবিতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মির্জা ফখরুলের ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন জামায়াত থেকে নির্বাচিত এমপিরা।