মাদারীপুরে এক হাজার পিস ইয়াবাসহ মোসা: আছমা বেগম (৩৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে সদর উপজেলার থানতলী (মিলের কোনা) ব্রিজের দক্ষিণ ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আছমা উপজেলার লক্ষিগঞ্জ এলাকার রেজাউল কাজী ওরফে রেজার স্ত্রী। বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ পুলিশের একটি দল। এসময় থানতলী (মিলের কোনা) ব্রিজের দক্ষিণ ঢালে পাকা রাস্তার ওপর থেকে মাদককারবারি মোসা: আছমা বেগমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, ‘মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’


