ঠাকুরগাঁও প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জুলাই চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, মাওলানা সোলায়মান হোসেন, শাহীন আলমসহ দলটির নেতাকর্মীরা।
এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জেলা বিএনপি, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন এবং ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকেও জুলাই চত্বরে শ্রদ্ধা জানানো হয়।


