শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কেবল সাফল্য অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের মতো মানুষ হয়ে ওঠার শক্ত ভিত্তি। তিনি শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Mirpur

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কেবল সাফল্য অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের মতো মানুষ হয়ে ওঠার শক্ত ভিত্তি। তিনি শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাজিম সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, ফাউন্ডেশনের উপদেষ্টা আলাউদ্দিন এবং ডা. আরিফুল ইসলাম সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্যসচিব আমিরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৩০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।