তাহিরপুরে অপহরণ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
আবু কালাম
আবু কালাম |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ১৬ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবু কালাম উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মরহুম শহীদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবু কালাম নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পারে তারা। পরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুশংকর পালের নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে অভিযান চালায়। অভিযানে এসআই দীপক, এসআই রাজু কুমার বর্মন, এএসআই কার্তিক, এএসআই রাইফুল, এএসআই শাহানুর ও এএসআই সাইদসহ ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য অংশ নেন।

মামলার সূত্রে জানা গেছে, শিশু সামিয়ার সাথে মোবাইল ফোনে আবু কালামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় আবু কালাম নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে ২০২৪ সালের ২৪ মে সামিয়াকে অপহরণ করেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, অপহরণের পর আবু কালাম তাকে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েকে খুঁজে না পেয়ে সামিয়ার পরিবার ২০২৪ সালের ২৯ মে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডি নম্বর ১২২৬। পরে ২ জুন পুলিশ সামিয়াকে উদ্ধার করে। পরে মামলার সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর আবু কালাম দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।