সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও সমাজের শান্তি, নিরাপত্তা ও মানুষের কল্যাণে উভয়ের কাজের লক্ষ্য অনেকটা অভিন্ন। তাই মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে সাংবাদিক ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাংবাদিক-পুলিশ একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে থাকবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক বহন, সেবন বা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্টও করা হবে।’
নারী নির্যাতন ও ইভটিজিং প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কোনো ঘটনা ঘটলে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে মামলার তদন্ত ও চার্জশিট দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দেয়ার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ‘পুলিশকে শুধু অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পুলিশের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে পুলিশকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করতে হবে।’
একই সাথে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সহজে ও যথাযথভাবে সরবরাহ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মেহেরপুর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সিনিয়র সাংবাদিক ওয়াজেদুল হকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় মেহেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মোটরসাইকেল চুরি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। একই সাথে এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের আরো কার্যকর ও দৃশ্যমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সাংবাদিকরা মেহেরপুরের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার বিস্তার, মাদক ব্যবসা ও সেবন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মোটরসাইকেল চুরি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশ-সাংবাদিক সমন্বয় আরও জোরদারের দাবি জানান তারা।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


