নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার মহাদেও নদীতে দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রিফাত পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের সেকুল মিয়া ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার বরুয়াকোনায় মহাদেও নদীতে রিফাতসহ অন্য শ্রমিকরা পানিতে নেমে বালু উত্তেলন করছিলেন। এ সময় আরেকটি বালুর নৌকা পাশ কেটে যাবার সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


