মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ

যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
ভেঙে পড়া সেতু
ভেঙে পড়া সেতু |নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ভোররাত থেকেই ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কের সাফা ইউনিয়নের দেবীপুর মাদরাসা সংলগ্ন নদীর ওপর এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকার মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন পরিবহন, লোকাল বাস, শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ রয়েছে।’

পিরোজপুরের সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাসেল বলেন, ‘ঢাকা-পাথরঘাটা মহাসড়কে বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ টন। অতিরিক্ত লোডের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ব্যস্ততম ব্রিজটি দ্রুত সময়ের ভেতরে প্রতিস্থাপনের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ‘ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। দ্রুত ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়া হবে।