গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন |নয়া দিগন্ত

গাজীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক সওকত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়া।

আলোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একইসাথে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের রূহের মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া জেলার সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের মিনি পোলার, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বাসস্ট্যান্ড, ভোগরা বাইপাস, মাওনা চৌরাস্তা, গাজীপুর পৌরসভার মিলনায়তন, রেলস্টেশন, কালীগঞ্জ বাজারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরবরাহকৃত জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্র শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে এবং সিনেমা হলে বিনা টিকিটে দিবসের তাৎপর্যপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।

পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।