ফেনীর দাগনভূঞা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার দুধমুখা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহীদুল ইসলাম। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মৌসুমী আক্তার।
অভিযান সূত্রে জানা যায়, দুধমুখা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও ওষুধ ও কসমেটিকস আইনের আওতায় বিভিন্ন দোকান ও ফার্মেসিতে মনিটরিং করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় এবং মজুদের দায়ে বিসমিল্লাহ সুইটকে তিন হাজার টাকা, কাজী ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা, মেসার্স বকুল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, জয় মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা ও প্রীতম মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট পাঁচটি মামলায় জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহিদুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


