গফরগাঁওয়ে রবিন হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গফরগাঁও পৌর এলাকায় কলেজছাত্র রবিন হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে রবিন হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গফরগাঁওয়ে রবিন হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় আলোচিত কলেজছাত্র রবিন হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজনরা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম ও এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজছাত্র রবিন হত্যার ঘটনায় গফরগাঁও থানা পুলিশ অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করলেও রহস্যজনক কারণে আসামি গ্রেফতার হচ্ছে না। এতে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন ও মা শান্তা বেগম বলেন, ‘আমাদের একটাই ছেলে ছিল। যারা আমার ছেলেকে বিনা অপরাধে মেরে ফেলেছে, আমরা তাদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবি করছি।’

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: নূরুল ইসলাম বলেন, ‘আসামিরা মোবাইল বন্ধ রাখার ফলে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডস্থ বউ বাজার এলাকায় নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাজার বাড়ি সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।