গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর।
শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউনহল মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, মহানগরী সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


