ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার মুখ থেতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ভোর ৫টার দিকে রহমতয়গঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে তেমন লোকজনও ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং কখনো কখনো হাসতেন। এ কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয়দের ধারণা, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় ওই নারী নিহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ না করায় কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘উদ্ধার হওয়া নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


