এসিল্যান্ডকে গালিগালাজ ও মারমুখী আচরণের অভিযোগ

দামুড়হুায় মোবাইল কোর্টে বিএনপি নেতার বাধা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের সাথে স্থানীয় এক বিএনপি নেতার উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
দামুড়হুায় মোবাইল কোর্টে বিএনপি নেতার বাধা
দামুড়হুায় মোবাইল কোর্টে বিএনপি নেতার বাধা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের সাথে স্থানীয় এক বিএনপি নেতার উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

অভিযুক্ত নেতার বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, গালিগালাজ, অসৌজন্যমূলক ও মারমুখী আচরণের অভিযোগ তুলেছে উপজেলা প্রশাসন।

অভিযুক্ত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে প্রশাসনের তোলা এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, স্যাম্পল ওষুধ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণে অনিয়ম ধরা পড়ে। পরবর্তীতে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী অনিয়মের দায়ে তিনটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, আইন অনুযায়ী মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা ও জরিমানা করা হচ্ছিল।

এ সময় আব্দুল কাদের ঘটনাস্থলে এসে জনসম্মুখে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, গালিগালাজ করেন এবং মারমুখী ভঙ্গিতে কথা বলেন। একপর্যায়ে তিনি বিশৃঙ্খলা (মব) সৃষ্টির চেষ্টা চালান, এতে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসন পুরোপুরি আইন মেনে দায়িত্ব পালন করছে। অভিযান চলাকালে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, প্রশাসনিক কর্মকর্তাদের গালিগালাজ করবে বা কাজে বাধা দেবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের দাবি করেন, এসিল্যান্ডের সাথে কোনো মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি, কেবল কিছু বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা জানান, ‘ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং দলের কোনো নেতাকর্মী এ ধরনের আচরণে জড়িত থাকলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।’