বাঘারপাড়ায় মা ও ছেলের লাশ উদ্ধার নিয়ে রহস্য

শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেয়া হয়েছে।

Location :

Jashore

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের শয়ন কক্ষ থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেয়া হয়েছে।

নিহতরা হলেন জুবায়দা খাতুন (৩২) ও তার ছেলে জিসান (৬)। জুবায়দার স্বামী জাকির হোসেন একই গ্রামের জাফর শিকদারের ছেলে।

স্থানীয় পশুচিকিৎসক আক্তার হোসেন জানান, রাতে খবর পেয়ে তিনি জাকিরের বাড়িতে যান। ঘরে ঢুকে খাটের ওপর মা ও ছেলের লাশ দেখতে পান। শিশুটির হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। আর জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে ওড়নার দুই প্রান্ত তার দুই হাতে ধরা অবস্থায় ছিল।

ঘটনার সময় জাকির হোসেন বহরামপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তাকে খবর দিয়ে বাড়িতে আনা হয়।

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরার দাবি, জাকির দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। তার ভাই শিহাবের সঙ্গে জাকিরের জায়গাজমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে তার এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশের সুরতহাল প্রতিবেদনেও সন্দেহের বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় জুবায়দার স্বামী জাকির হোসেন ও তার ভাই শিহাবুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।