গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে পরিদর্শন শেষে তিনি লালচামার বাজার সংলগ্ন লালচামার ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন বর্তমানে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। নদী ভাঙনকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। এসব এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় রয়েছে, এর আগে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল। তাই ক্ষমতায় থাকাকালীন সবাইকে দায়িত্বশীল ও সংযত আচরণ করতে হবে। কোনোভাবেই সীমা লঙ্ঘন করা যাবে না।‘
তিনি আরো বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আপনাদের গতি কমাতে হবে। ভদ্র, নম্র, সহনশীল হতে হবে এবং মুরুব্বিদের সম্মান করতে হবে। প্রয়োজনে তাদের জন্য চেয়ার ছেড়ে দিতে হবে।’


