পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ নাবিলা ফেরদাউস, পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দফতর সম্পাদক রফিকুল ইসলাম গামা, বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ চৌধুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মিছিলটি নিতপুর কপালি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: মাহবুবুল আলম।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাগর আলী, সেক্রেটারি শরিফুল ইসলাম, নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


