হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে ধার দেয়া টাকা ফেরত চাওয়ার জেরে পাওনাদার সাদেক মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামিকে খালাস দেন আদালত।
সোমবার (১০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: শাহ কামাল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী এলাকার মরহুম লাল মিয়ার বড় ছেলে মো: রমজান মিয়া (৩৮) ও ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)।
খালাস পাওয়া চার আসামি হলেন মো: আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল-আমিন ও মোহাম্মদ আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ আলী নিহত সাদেক মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদি এলাকায় পরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে মারাত্মকভাবে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বছরের ৮ ডিসেম্বর নিহত সাদেক মিয়ার বড় ভাই কাঞ্চন মিয়া নয়জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে হোসেনপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন


