বান্দরবানে ১৯ নারীকে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী

বান্দরবানের প্রত্যন্ত এলাকায় যেখানে চিকিৎসাসেবা পৌঁছায় না, সেসব জায়গায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম |নয়া দিগন্ত

বান্দরবানের প্রান্তিক এলাকার ১৯ নারীকে সেনাবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ দেয়া হয়েছে। গর্ভবর্তী নারী, প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকার নারীরা অংশ নেয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান সেনানিবাস হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা: শাহীন হোসেন চৌধুরী, সেনাবাহিনীর সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ হোসেনসহ চিকিৎসকরা।

প্রশিক্ষণার্থীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের প্রাথমিক পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউসেলিং, পরিবার পরিকল্পনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত রেফার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বান্দরবানের প্রত্যন্ত এলাকায় যেখানে চিকিৎসাসেবা পৌঁছায় না, সেসব জায়গায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।