হরিরামপুরে ব্যবসায়ীর ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

গ্রেফতারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরো এক লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
গ্রেফতার প্রতারক ফারুক হোসেন
গ্রেফতার প্রতারক ফারুক হোসেন |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণার মাধ্যমে ইট ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো: ফারুক হোসেন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা এক লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে গ্রেফতার হওয়া প্রতারক ফারুককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।

গ্রেফতার ফারুক হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সাথে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় মঙ্গলবার (৪ আগস্ট) মামলা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরো এক লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইলফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।