মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। এর আগে রোববার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো: আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর উত্তরপাড়া মাদককারবারি তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়কালে হাতেনাতে তারু মিয়া ও তার ছেলে শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তাদের নিকট থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২,১৫০ টাকা বিধি অনুযায়ী জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাবা ও ছেলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। যা এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছিল। তাদের গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরো জানান, মুরাদনগর থানার এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


