বাথরুমে পড়েছিল এএসআই রুবেলের লাশ, ১৪ ঘণ্টা পর উদ্ধার

লাশ উদ্ধারের সময় বাথরুমের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইলফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া যায়। ঘটনাস্থলে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা ধারণা করছেন, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
নিহত এএসআই রুবেল হোসেন
নিহত এএসআই রুবেল হোসেন |নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের একটি বাথরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল হোসেন ১৪ এপিবিএনের অধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তার সন্ধান শুরু করেন। তার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের কাছে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেয়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দেন। এ সময় বাথরুমের ভেতরে একজনকে পড়ে থাকতে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে বাথরুমের দরজা কেটে রুবেল হোসেনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় বাথরুমের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইলফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া যায়। ঘটনাস্থলে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা ধারণা করছেন, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি চিকিৎসকদের প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের এএসআই রুবেল হোসেনের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।