সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় মামলা

বাসটিতে অতর্কিত হামলা চালিয়ে ডান ও বাম পাশের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Location :

Manikganj
ভাঙচুর করা বাস
ভাঙচুর করা বাস |নয়া দিগন্ত

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০- ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বাসচালক মো: সাজ্জাদ হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় এই মামলা করেন।

মামলায় অভিযুক্ত মো: কাওছার (২৫) সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। কাওছারসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে বাসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ১৪-১৫ জন শিক্ষার্থী নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ‘কালীগঙ্গা’ নামের বাসটি ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাসটি হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাওছারসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বাসটির গতিরোধ করে।

পরে তারা বাসটিতে অতর্কিত হামলা চালিয়ে ডান ও বাম পাশের জানালার গ্লাস ভাঙচুর করে। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় বাসে থাকা তিন ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী ও চালক আহত হন। এজাহার অনুযায়ী, পূর্ণিমা (২১),আখি আক্তার (২১) ও রিনভি (১৯) ভাঙা কাচের আঘাতে আহত হন। হামলাকারীদের বাধা দিতে গেলে বাসচালক সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী উদয় চক্রবর্তীও মারধরের শিকার হন।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে। তবে ওই দুর্ঘটনার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি জড়িত ছিল না। স্থানীয়রা ভুল ধারণা থেকে বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।’