চুয়াডাঙ্গায় পাচারকালে অভিযান চালিয়ে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ওএমএস ডিলার ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি আলমসাধুতে করে সরকারি খাদ্যশস্য পরিবহনের সময় ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা।
তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া চাল ও আটা সরকারি ওএমএস কর্মসূচির আওতাভুক্ত। অভিযুক্ত সোহেল আহমেদ মালিক সুজন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার। তার গুদাম পুরাতন স্টেডিয়াম এলাকায় হলেও তিনি খাদ্যশস্যগুলো আলমসাধুতে করে সাতগাড়ী এলাকার দিকে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা সরকারি খাদ্য সহায়তার চাল-আটা জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, “সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযানকালে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।



