বোয়ালমারীতে সাপে দংশনে ওঝার ঝাড়ফুঁক, ব্যবসায়ীর মৃত্যু

দোকানে যাওয়ার সময় সাপ আক্কুব্বরকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে ওঝার কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Boalmari
সাপে দংশনে ব্যবসায়ীর মৃত্যু
সাপে দংশনে ব্যবসায়ীর মৃত্যু |নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের দংশনে মো: আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার আগে তাকে স্থানীয় ওঝার কাছে নেয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৩টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আকুব্বর উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মরহুম রব্বান শেখের ছেলে।

নিহতের স্বজন ও স্থানরীয় সূত্রে জানা গেছে, আকুব্বর রাত সাড়ে ১০টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরা সাপের লেজে পা দিলে সাপটি তাকে ছোবল মারে। পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।

ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো ফল হয় না। তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাত ভাই মো: নাইম বিশ্বাস বলেন, ‘ওঝার কাছে নেয়ার কারণে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেত।’