ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকার জনসাধারণকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির উপজেলা সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল করেন। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকির।
ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, দুপুর ৩টার দিকে ময়মনসিংহ-৮ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের যাচাইকৃত ফেসবুক আইডি থেকে পৌনে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়। এরপর ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি দেখে তারা বিস্মিত হয়েছেন। তারা এ ঘটনাকে নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে দেখছেন। অনেকে এ কর্মসূচিকে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক অবস্থান জানান দেয়ার চেষ্টা বলেও মন্তব্য করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও সমাবেশের ঘটনায় গ্রেফতার অভিযান চলমান রয়েছে।


