গণমাধ্যম সমাজের আয়না : বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘গণমাধ্যম সমাজের আয়না। সমাজের সমস্যা-সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
গণমাধ্যম সমাজের আয়না : বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
গণমাধ্যম সমাজের আয়না : বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘গণমাধ্যম সমাজের আয়না। সমাজের সমস্যা-সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা এবং মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। তাই গণমাধ্যমকে এমন একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করতে হবে যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্রই প্রতিফলিত হয়।

মন্ত্রী রোববার সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে বিপ্লবী বাংলাদেশ পত্রিকা প্রকাশনার ৫৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সমাজের নিখুঁত আয়না হতে হবে। সমাজের বাস্তব চিত্র কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত ছাড়াই জনগণের সামনে তুলে ধরতে হবে। খুঁতপূর্ণ বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কখনোই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। তাই জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাবে।

সাংবাদিকদের পরিচয় ও মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা না থাকলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে শুধু সাংবাদিক নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। তাই সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সত্যতা নিশ্চিতকরণ এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরো বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দেশের মালিক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য জনগণ নির্বাচিত করেন। তাই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে জনগণের সেবকের মানসিকতা থাকতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের কল্যাণে কাজ করার একটি আমানত। জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি।

অনুষ্ঠানে বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সদস্য দেবাশীষ চক্রবর্তীর সঞ্চালনায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রফেসর আকতারুজ্জামান, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা: মনীষা চক্রবর্তী, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, বরিশাল জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় লেখক, কলামিস্ট, বরিশালের প্রবীণ রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।