ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ এবং ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী মাদরাসা মাঠে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা জানিয়েছিল। এরই অংশ হিসেবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এসব কার্ড বিতরণ করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন, যুবদল নেতা মোশারফ মেম্বার ও উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ জিয়া, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়।


