গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ২০ হাজার টাকা জরিমানা

এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

Location :

Gaurnadi
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেন স্থানীয় কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খান্জাপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীম।

ইউএনও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সারগুলো পরিদর্শন করেন এবং ভ্যানচালক ও সার ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিরাজ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইনে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়।

ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকি বন্দরে মাছ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ তাকে ওই সারগুলো খান্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: সেকেন্দার আলী শেখ বলেন, ‘জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।’

ইউএনও মো: ইব্রাহীম বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়ন বা উপজেলায় পাঠানো বিধিসম্মত নয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’