হরিরামপুর (মানিকগঞ্জ ) সংবাদদাতা
মানিকগঞ্জের হরিরামপুরে পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১১ আগষ্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মানদীর ঘাটে স্থানীয় পর্যটক নাঈম মোল্লা ঘুরতে যান। এসময় ছয়-সাতজনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। উক্ত ঘটনার পর নাঈম মোল্লা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে, থানার পুলিশ তৎক্ষনাৎ অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
আটকরা হলেন— আন্ধামানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মো: সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


