সিলেটে ট্রিপল মার্ডার, তিন বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দলিলও উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার এই বাসা থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার এই বাসা থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনার (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে ১১১ নম্বর বাসার দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি নিয়ে নগরজুড়ে শোকের পাশাপাশি আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিকেল ৪টায় নয়া দিগন্তকে বলেন, বাসার আলমারি ও ওয়ারড্রোব খোলা পাওয়া গেছে। স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে। তাই ডাকাতি, জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দলিলও উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

নিহত আব্দুস সাত্তার দম্পতির চার সন্তানই ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর নিহত তাহমিনা সুনামগঞ্জের ছাতক উপজেলার দিনমজুর আপ্তাব মিয়ার মেয়ে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় কোরবানির ঈদের পর সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিল।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আহ্বান জানান।