সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতার দম্ভ দেখিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো শাসক টিকে থাকতে পারে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের ওপর আস্থা রেখে রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘দলের কত লোককে কত বেআইনি সুযোগ দিয়ে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেয়া হয়েছে। কিন্তু দুঃসময়ে কেউ তাদের কাজে আসেনি। বরং দেশের জনগণ থেকে বাঁচতে নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে হয়েছে। কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি, মানুষের ওপর ভরসা রাখুন। আল্লাহর ওপর ভরসা রাখুন এবং সাধারণ মানুষের ওপর আস্থা রাখুন। তারাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনি তা করেননি। বন্ধুদের ওপর ভরসা রেখেছেন এবং ক্ষমতার দম্ভ দেখিয়েছেন। সে কারণেই কাচের ঘরের মতো সেই দম্ভের রাজপ্রাসাদ ভেঙে পড়েছে। শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে হয়েছে।’
বক্তব্যে তিনি অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, ‘মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এরপরও সংবাদ সম্মেলন করে বিভিন্ন কথা বলা হয়। কোনো অনুশোচনা নেই, লজ্জাবোধ নেই। কত মানুষকে কষ্ট দেয়া হয়েছে, কত মা-বোনকে স্বামীহারা করা হয়েছে, কত ভাইকে ভাইহারা করা হয়েছে, কত সন্তানকে এতিম করা হয়েছে তার কোনো হিসাব নেই। সাহস থাকলে আইনের মুখোমুখি হন। আইনের সম্মুখীন হন। আইন সবার জন্য সমান।’
রাজনীতিতে জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে মানুষকে সম্মান করতে শিখুন। জনগণকে সম্মান করতে শিখুন। আল্লাহ যেমন পৃথিবীর মালিক, এই দেশেরও মালিক। আর এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে বা কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে।’
সভায় মিকাইল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চার উপজেলার আদিবাসী নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


