গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরের আমির ও মহানগর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তসলিম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, সংগঠনের গাজীপুর জেলা সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, মহানগর উপদেষ্টা সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন এবং সাবেক মহানগর সভাপতি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, মর্যাদাপূর্ণ জীবন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, সদস্যদের দক্ষতা বৃদ্ধি, শ্রমজীবী মানুষের সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।


