গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে অন্তত ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মাওনা, রাজেন্দ্রপুর ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো— কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইল বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি বিভাগের আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।
উত্তরা ইউনিভার্সিটির পরিবহনের ব্যবস্থাপক (ম্যানেজার) হুমায়ুন কবির জানান, দুপুর আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটি বাস ৩০ জন শিক্ষার্থী নিয়ে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হঠাৎ উল্টে যায়। এতে অন্তত ২৪ জন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক তৌসিক সরকার জানান, আহতরা অধিকাংশই শঙ্কামুক্ত। বেশিরভাগ শিক্ষার্থীর বাসের জানালার কাঁচের আঘাত লেগে কেটে গেছে। অনেকে বাসের ভেতরে পরে গিয়ে আহত হয়েছে। গুরুতর আহত বাসচালক ও শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই চিকিৎসা ও চিকিৎসা-পরবর্তী সহায়তা প্রদান করা হচ্ছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।



